
দুর্নীতির মামলা তদন্তের স্বার্থে সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
সাবেক চিফ হুইপের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে আসামির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় মূল আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন দুদক কর্মকর্তা এ কে এম মুর্তজা আলী সাগর।
আবেদনে বলা হয়েছে, নুর-ই-আলম একজন নিয়মিত আয়কর দাতা। তার বিরুদ্ধে গেতো আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলা তদন্তের স্বার্থে তার আইকন নথি যাচাই করা প্রয়োজন।
উল্লেখ্য, সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫৭.৪৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩২ কোটি টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে গত বছরের ২৫ মার্চ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগে বলা হয়েছে, নূর-ই-আলম চৌধুরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানিলন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।
দুদকের অনুসন্ধানে রাজধানীর উত্তরা, পূর্বাচল ও নিকুঞ্জ এলাকায় তার নামে জমি ও ভবনসহ প্রায় ৪.২৯ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৪২.৮১ কোটি টাকার অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে।

