শুক্রবার, মে ১, ২০২৬

দলিল বাণিজ্যের অভিযোগে আলোচনায় ফরিদপুরের জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম

ফরিদপুর জেলার জেলা রেজিস্ট্রার (ডি.আর) শফিকুল ইসলামকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের এই কর্মকর্তার বিরুদ্ধে দলিল সংশ্লিষ্ট কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দলিল সংক্রান্ত কাজে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে সমন্বয়ের মাধ্যমে দলিল প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ফরিদপুর জেলায় সদরসহ মোট ৯টি সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে—সদর, মধুখালী, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, বোয়ালমারী, সদরপুর, সালথা ও আলফাডাঙ্গা। এসব অফিসে প্রতি মাসে প্রায় ১০ থেকে ১১ হাজার দলিল সম্পাদিত হয় বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিটি দলিল সম্পাদনের সময় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়, যা একটি নির্দিষ্ট চক্রের মাধ্যমে পরিচালিত হয়। স্থানীয়দের দাবি, প্রতিটি দলিল থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে।

এছাড়া, সহযোগীদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন অজুহাতে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যা মাস শেষে বড় অঙ্কে পৌঁছাচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানা যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ