শুক্রবার, জুলাই ৩, ২০২৬

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে আরও ৬১৫ সম্পদ!

অর্থ পাচারের আলোচনায় শীর্ষে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে আরও ৬১৫টি সম্পদের তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তদন্ত করে এসব তথ্য পেয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে এসব সম্পদ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ফ্ল্যাট, প্লট, বাড়ি এবং তাঁর নামে থাকা কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স। সম্পদগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ হাজার কোটি টাকা।
নতুন করে যে ৬১৫টি সম্পদের তথ্য পাওয়া গেছে, তার বেশির ভাগই যুক্তরাজ্যে। দেশটিতে ৩৮১টি সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর আগে একই দেশে সাবেক ভূমিমন্ত্রীর নামে ৩৪৩টি সম্পদের তথ্য পায় দুদক। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশে থাকা এসব সম্পদ কোক ও অবরুদ্ধ করার জন্য দেশের আদালত থেকে নির্দেশ জারি হয়েছে ইতিমধ্যে। নতুন ৬১৫ টি সম্পদ ক্রোকের জন্য আদালতে আবেদন জানানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
সাবেক ভূমি মন্ত্রী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কম্বোডিয়ায় ১১১টি সম্পদের, মালয়েশিয়ায় ৪৭টি সম্পদ, ফিলিপাইনে ২টি সম্পদ, ভারতের হরিয়ানা, উত্তর চব্বিশপরগনাসহ দেশটিতে মোট ১১টি সম্পদ, থাইল্যান্ডে ২৪টি সম্পদ, তথ্য যুক্তরাষ্ট্রে ৪৪টি সম্পদ ও ২টি কোম্পানির লাইসেন্স, ভিয়েতনামে ৩০টি সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়াও সিঙ্গাপুরে সম্পদ থাকার প্রমাণ পেয়েছে বিএফআইইউ। সুইজারল্যান্ডেও তাঁর সম্পদ রয়েছে বলে তথ্য মিলেছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাইফুজ্জামান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ছয়টি ফ্ল্যাট ও নয়টি ভবন ক্রোকের নির্দেশ দেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত। গত বছর ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গত ৫ মার্চ তাঁর ৩৯ টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। গত ৯ মার্চ সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ এবং ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। গত ৯ জুলাই
৫৭৬ কোটি টাকার বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। গত ২৮ অক্টোবর ৪৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।
তার আগে গত বছর ৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
সম্প্রতি সাইফুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাসহ রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

##১৬.১২.২৫

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ