
পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে রাস্তার প্রয়োজনে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। অনুমোদন ছাড়াই পাহাড় কাটায় পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১০ ডিসেম্বর বুধবার এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ জানান, ‘আইন অমান্য করে প্রায় ৩৫ শতক পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় সওজকে এ জরিমানা করা হয়েছে।’
তবে সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে সেতু নির্মাণের জন্য পাহাড় কাটেন। তিনি বলেন, “পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ পাহাড় কাটার কথা বলছে, বাস্তবে ততটা কাটা হয়নি। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।”
পরিবেশ অধিদপ্তর জানায়, সওজের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে মোট ১৭টি স্থানে পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ৪ নভেম্বর দুই দফা তদন্তে ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪.৯২ শতক পাহাড় কাটার প্রমাণ মেলে।
আজ শুনানিতে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

