বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

বাংলাদেশ পুলিশের জন্য ২১২ নতুন পিকআপ কেনা হচ্ছে, ব্যয় ১৮২ কোটি টাকা

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম জোরদার এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড-ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন সংগ্রহ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন যানবাহনগুলো দেশের বিভিন্ন শহর ও প্রত্যন্ত অঞ্চলে টহল, অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং জরুরি অভিযানে ব্যবহৃত হবে। এতে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

তাদের মতে, নতুন পিকআপগুলো পুলিশের বহরে যুক্ত হলে আইনশৃঙ্খলা রক্ষায় অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে, যা জননিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ