বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

দেবিদ্বারে নিবন্ধন সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জুন) উপজেলা প্রশাসন দেবিদ্বার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার মধ্যপাড়া মরিচা এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটিতে পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে প্রতিষ্ঠানটির মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দীন

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আইনসম্মত উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, জনস্বার্থে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ