শুক্রবার, জুন ৫, ২০২৬

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জ জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একজন নারী কারারক্ষীর সঙ্গে তার ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩ জুন কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দিদারুল আলমকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলম এবং একই কারাগারের এক নারী কারারক্ষীর মধ্যকার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কথোপকথনে নারী সহকর্মীর প্রতি জেল সুপারের আপত্তিকর ও অশোভন মন্তব্যের অভিযোগ ওঠে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ