বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

প্রশাসনের নির্দেশ উ’পেক্ষার অ’ভিযোগে বি’তর্কে শিক্ষিকা সেলিনা পারভীন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর):

নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা পারভীনের বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশ অমান্য, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং শিক্ষা পরিবেশ বিনষ্টের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগ ঘিরে বিদ্যালয়জুড়ে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা প্রশাসন একাধিকবার পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষিকা স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে প্রশাসনিক নির্দেশকে গুরুত্ব দিচ্ছেন না। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

সহকর্মীদের অভিযোগ

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক লিখিত অভিযোগে জানিয়েছেন, সেলিনা পারভীনের আচরণে কর্মপরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নিয়মিতভাবে সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত মেনে চলতে অনীহা প্রকাশ করেন।

গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে এক সহকর্মী শিক্ষিকার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও ক্লাস রুটিন ছিঁড়ে ফেলার ঘটনাও স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের মাঝে বিভেদের অভিযোগ

অভিভাবকদের একাংশের দাবি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভেদমূলক মন্তব্যের অভিযোগও উঠেছে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে। এ ধরনের আচরণে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা।

একাধিক অভিভাবক জানান, তারা সন্তানদের সুশিক্ষা ও নিরাপদ পরিবেশের আশায় বিদ্যালয়ে পাঠান। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

প্রশাসনের অবস্থান

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ