রবিবার, মে ৩, ২০২৬

শাহজাদপুরে নতুন রাস্তা ভেঙে ইট সরিয়ে নেওয়ার অভিযোগে তোলপাড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি হেরিংবোন ইটের রাস্তা উদ্বোধনের মাত্র চার দিনের মাথায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে ১০০ ফুট দৈর্ঘ্যের ওই রাস্তার সব ইট তুলে নেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য মো. আফসার আলীর নেতৃত্বে কয়েকজন লোক এসে রাস্তার ইটগুলো সরিয়ে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন রাস্তার উদ্বোধন করেন। তবে তার বদলির পরপরই এই ঘটনা ঘটে।

গাড়াদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলি খাতুন বলেন, “কয়েকটি পরিবারের চলাচলের জন্য অল্প কিছুদিন আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সাবেক মেম্বারের নেতৃত্বে লোকজন এসে ইট তুলে নিয়ে যায়।”

অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য আফসার আলী দাবি করেন, তিনি কোনো রাস্তার ইট অপসারণ করেননি। তার ভাষ্য, যেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে, সেটি একটি কলেজের জমি। জমি দখলমুক্ত করার অংশ হিসেবেই ইট সরানো হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার চলাচল করত। সম্প্রতি ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিলে পরিবারগুলো প্রায় ২০ দিন অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৎকালীন ইউএনও মাশফিকা হোসেন সরেজমিনে পরিদর্শন করে চলাচলের জন্য ওই অস্থায়ী রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।

নির্মাণের অল্প সময়ের মধ্যেই রাস্তা অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ