সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

সিলেটে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

এসিএম নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার (৮ জানুয়ারি) এই মামলা দায়ের করা হয়।
সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে মামলাটি করা হয়।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সম্পাদিত দলিলের গ্রহীতা (ভূমি ক্রেতা ও মূল সুবিধাভোগী) মো. কামাল উদ্দিন, সাব-রেজিস্টার আহাদুজ্জামান, ও দলিল লেখক মিছবাহ উদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে দলিলভুক্ত করেছেন। দুদকের অনুসন্ধান অনুযায়ী, কামাল উদ্দিন ছাড়া দলিলের তিনজন গ্রহীতা ছিলেন। এদের মধ্যে দুইজন বিদেশে ছিলেন এবং একজন স্বাক্ষর দেননি। অর্থাৎ, সম্পাদনের সময় মো. কামাল উদ্দিন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। দুর্নীতি তদন্তে দেখা গেছে, মো. কামাল উদ্দিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পেমান পাত্রকে প্রভাবিত করে দলিল সম্পাদনে প্ররোচিত করেন। এছাড়া, দলিলে ভূমির প্রকৃত মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও তা ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। পেমান পাত্রকে মাত্র ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।
দুদক সহকারী পরিচালক জুয়েল মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, আসামিরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৯৭ এবং ৪৩(খ) লঙ্ঘন করেছেন। এ ঘটনায় ১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে আরও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করার সম্ভাবনা আছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ