
সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্টের ওপর চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার সিরাজ মিয়া (৪০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পিকআপ চালানোর আড়ালে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

