সোমবার, মে ৪, ২০২৬

জামালপুরে দুই নেতার ফোনালাপ ফাঁস, সামাজিক মাধ্যমে তোলপাড়

জামালপুরে শ্রমিক দল ও মৎসজীবী দলের দুই নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার (৩ মে) ‘ইকতিয়ার হোসেন সাগর’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় এক মিনিটের ওই অডিওতে চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা শোনা যায়।

ভাইরাল হওয়া অডিওতে শুরুতে জামালপুর জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিমকে সালাম দিতে শোনা যায়। এর জবাবে জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান ক্ষোভ প্রকাশ করে তাকে ‘চোর’ বলে সম্বোধন করেন। তিনি অভিযোগ করেন, অন্যের জিনিস চুরি করে তা অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।

কথোপকথনের একপর্যায়ে আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে সংযত আচরণের আহ্বান জানান এবং বিষয়টি অন্যদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। তবে শেখ আব্দুস সোবহান উত্তেজিত ভাষায় তার অভিযোগ পুনর্ব্যক্ত করেন এবং দাবি করেন, বিষয়টি নিয়ে তারা আগে থেকেই সিদ্ধান্তে পৌঁছেছেন।

অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম বলেন, “ওই কল রেকর্ডে যা আছে, সেটাই আমার বক্তব্য। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই।”

অন্যদিকে শেখ মো. আব্দুস সোবহান দাবি করেন, বালু ঘাট ইজারা সংক্রান্ত বিডিং প্রক্রিয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্টরা একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরও আব্দুল হালিম তা উপেক্ষা করে নিজ সিদ্ধান্তে বিড জমা দেন, যা নিয়ে ক্ষোভ থেকেই ওই কথোপকথন হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি গত মাসের ১৯ তারিখের।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় মহলে উত্তেজনা বিরাজ করছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ