শনিবার, মে ২, ২০২৬

১ লাখ ৩৯ হাজার টাকা বকেয়া: পিআইওর বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে মাটি ভরাটের কাজের বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী নজরুল ইসলাম জানান, ২০২২–২০২৩ অর্থবছরে মদন উপজেলা পরিষদ চত্বরে মাটি ভরাটের জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়। সে সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ আলম মিয়ার নির্দেশনায় তিনি কাজটি সম্পন্ন করেন। উপজেলা পরিষদের বিভিন্ন স্থানের গর্ত ভরাট করতে তার মোট ব্যয় হয় ৩ লাখ ৬৯ হাজার টাকা।

তিনি দাবি করেন, কাজের বিপরীতে সাবেক ইউএনও ধাপে ধাপে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। তবে বাকি ১ লাখ ৩৯ হাজার টাকা এখনো পাননি। অভিযোগ অনুযায়ী, বদলির আগে সাবেক ইউএনও শাহ্ আলম মিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দেন।

কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরেও বকেয়া টাকা না পাওয়ায় নজরুল ইসলাম চলতি বছরের জানুয়ারি মাসে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ, বিভিন্ন সময় টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পিআইও হুমায়ুন কবির বলেন, “টাকার বিষয়টি আমার পূর্বের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।”

অন্যদিকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রী বলেন, পিআইওর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ