বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দিতে নির্দেশ

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দিতে নির্দেশ

এসিএম নিউজ, ঢাকা
রাজধানীর মগবাজারের ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতেও দেখা যায়। তবে এ সময় পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত ছিলেন।

পুলিশের এমন আচরণ জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ মার্চ) রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে ‘নবীন ফ্যাশন’ নামে দোকান বন্ধ করে দেয় আশপাশের ব্যবসায়ীরা। প্রতিবেশী দোকানদাররা কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান। পরে পুলিশের সহায়তায় বিকেলে জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
এরপর গত ২৪ মার্চ মঙ্গলবার নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান সংবাদ সম্মেলনে ব্যবসা গুটিয়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ