বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে

এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে

এসিএম, ঢাকা।

এক-এগারোর আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর পর এবার গ্রেপ্তার দেখানো হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়। আজ বুধবার তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন। সেদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করতে বলা হয়েছে।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় গোয়েদা পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন। গত মঙ্গলবার তাকে পাঁচদিনের রিমান্ডে দেওয়া হয়।
দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আছে। তারা সরকার-নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে তারা রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতিসাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণের অসৎ উদ্দেশ্যে সরকার দলীয় এমপির প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্র করেন। তারা চুক্তিবদ্ধ আইনসংগত পারিশ্রমিক ব্যতীত এবং চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে পাবলিক সার্ভেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করেন। তারা সাত হাজার ১২৪ জন মালয়েশিয়ায় পাঠানো কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণসহ সর্বমোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন এবং এই অর্থ পাচার করেছেন

এ ঘটনায় গত ১১ মার্চ আসামি মাসুদসহ অন্যদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি দমন প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন।
এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ