সোমবার, মে ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

  • এসিএম নিউজ, ঢাকা

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক এই আসামিকে গ্রেপ্তারে নোটিশ জারির আবেদন করেন। আবেদনে বলা হয়েছে আসামি টিউলিপ দেশের বাইরে আছেন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন। এজন্য ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এই মামলায় চার্জশিট গ্রহণ করে টিউলিপ ও অন্য একজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনও টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
চলতি বছরের জুলাই মাসে মামলা তদন্তে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। উক্ত স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল থাকার কারণে তার বিরুদ্ধে তদন্ত স্থগিত রয়েছে।
গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
উল্লেখ্য মা ও ভাই বোনদের তিনটি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ইতিমধ্যে টিউলিপ সিদ্দিককে প্রতি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অন্য একটি বিশেষ জজ আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ