
এসিএম নিউজ, ঢাকা
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এস এম শামসুল আরেফীন ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে।
দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে মোট ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই তফসিলি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে নগদে অর্থ উত্তোলন করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিভিশনের (এফআইডি) জারি করা সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

