
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে রংপুর মহানগরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলার মিরবাগ কলেজের প্রভাষক। তিনি কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
কাউনিয়া থানার এসআই ব্রজগোপাল কর্মকার গণমাধ্যমকে জানান, মোহাম্মদ আলী বাবু হজে পাঠানো ও চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতারিত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি ও রংপুর আদালতে তিনটি মামলা রয়েছে।
মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না এবং কলেজে যান না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ আলী বাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।

