
দেশে জ্বালানি সংকটের এই সময়ে ফেনীর সোনাগাজীর নুর আলম মাসুদ নামের এক ব্যবসায়ী বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন। কিন্তু সফল হননি। অকটেন তৈরির চেষ্টাকালে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি ।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মাসুদ মারা যান।
নিহত নুর আলম মাসুদ (৪৫) ফেনী জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির বাসিন্দা এবং সততা অয়েল মিলের মালিক।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নজরুল প্রাইমারি স্কুলের সামনে নুর আলম মাসুদ ও তার সহকারী মো. ওমর ফারুক ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন। এ সময় অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতরভাবে দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মারা যান। অন্যদিকে তার সঙ্গে থাকা দগ্ধ তার সহকারী ওমর ফারুক এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু করার চেষ্টা করতেন। তিনি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
নিহতের ভাই মোর্শেদ সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই একটি নতুন পদ্ধতিতে কাজ করছিলেন। কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হঠাৎ পাইপ বিস্ফোরিত হয় এবং দুর্ঘটনা ঘটে।’
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলামও মাসুদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

