
হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন:
সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট ক্রোকের নির্দেশ
এসিএম নিউজ, ঢাকা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হক এর ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদন থেকে দেখা যায়, রাজধানীর মহাখালী ডিওএইচএস এর ২ নম্বর রোডস্থ ১০৯ নম্বর প্লটের উপর নির্মিত ‘মেমোরি বাই মোমেন’ ভবনের এই ফ্ল্যাটটি ২৭০০ বর্গফুটের।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক সচিব মহিবুল হক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উপার্জিত অর্থ তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কালে মহাখালী ডিওএইচএস এর ফ্ল্যাটটির সন্ধান পাওয়া গেছে। উক্ত ফ্ল্যাটটি মহিবুল হক অন্যত্র বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন বলে জানা গেছে। এমতাবস্থায় ফ্ল্যাটটি ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

