মঙ্গলবার, মে ৫, ২০২৬

দুর্নীতির অভিযোগ যাচাই করতে স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগ যাচাই করতে
স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

এসিএম নিউজ, ঢাকা

দুর্নীতির অভিযোগ যাচাইয়ের জন্য চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম এবং তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথক নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এমপি দবিরুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ চেয়ে আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
আবেদনে বলা হয়, দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন ও স্থানান্তরের অভিযোগে একটি মামলা রয়েছে। তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সার্কেল কর্মকর্তার জিম্মায় প্রদানের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।
অন্যদিকে সাবেক এসপি রফিকুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ চেয়ে আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পৃথক মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় নথিপত্র জব্দ করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ