সোমবার, জুন ২২, ২০২৬

বিশেষ সুবিধাভো’গীদের জন্য কাজ করায় রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্লট দুর্নীতির তিন মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নিতে বলেছেন আদালত। এ ছাড়া রাজউক ও মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কেও কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে পর্যবেক্ষণে।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার রায়ে এসব নির্দেশনা উল্লেখ করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজউক সরকারি ভূমি বরাদ্দের ক্ষেত্রে বিধিবদ্ধ বিধান ও প্রক্রিয়া ক্রমাগত এবং ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে। চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা জ্ঞাতসারে বাধ্যতামূলক শর্তাদি উপেক্ষা করেছেন, প্রক্রিয়াগত সুরক্ষাব্যবস্থা অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এবং আবেদনগুলো এমন কৌশলে প্রক্রিয়া করেছেন, যা বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের অনুকূলে যায়। এই ভূমিকা এমন একটি প্রাতিষ্ঠানিক মানসিকতার প্রদর্শন করে, যেখানে রাজনৈতিকভাবে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য বিধিবদ্ধ আইনকে অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য করা যায়।

আদালত বলেছেন, বরাদ্দগুলো (প্লট) ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, আমলা এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তির পক্ষে হয়েছে। বাধ্যতামূলক আইনি বিধানকে এভাবে অবহেলা সংবিধানকে খাটো করে, আইনানুগ শাসনব্যবস্থাকে বিপর্যস্ত করে এবং জনসাধারণের সম্পদকে ব্যক্তিগত সুবিধা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপকরণে রূপান্তর করে। যদিও আইনটি কিছু ‘স্পেশাল ক্যাটাগরিকে’ স্বীকৃতি দেয়, রাজউক কর্মকর্তারা যথাযথ নথিপত্র, যাচাই-বাছাই বা যোগ্যতার মানদণ্ড অনুসরণ না করে আবেদনপত্র অনুমোদনের মাধ্যমে বারবার কার্যপদ্ধতি লঙ্ঘন করেছেন। এ ধরনের কার্যক্রম পদের চরম অপব্যবহার এবং একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষের ওপর অর্পিত সাংবিধানিক আস্থার প্রতি গভীর বিশ্বাসঘাতকতা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ