
ঢাকার ধলপুর সুইপার কলোনি নির্মাণে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের সোয়া ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে। এ কারণে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।
তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মনির মিয়া শিগগির আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে।
অনুমোদিত চার্জশিটে আসামিরা হলেন-
ঢাকা সিটি করপোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম, সাবেক সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান ও মেসার্স নাজমা কনস্ট্রাকশন কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ।

