
এসিএম নিউজ, ঢাকা
সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।
জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে দায়ের করা যত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তের জন্য তার আয়কর নথি পর্যালোচনা করার প্রয়োজন। এ কারণে তার আয়কর নথি জব্দ করার প্রয়োজন বিধায় আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগ দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

