
দুর্নীতির দায়ে ১০ বছর ও অর্থ পাচারের দায়ে ১২ বছর, মোট ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি প্রশান্ত কুমার হালদারকে (যিনি পি.কে. হালদার নামে পরিচিত)।
তার বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্নসাৎ এবং পাচারের অভিযোগ রয়েছে।
পাশাপাশি তার বিরুদ্ধে ৩৪৮ কোটি টাকা জরিমানাও করা হয়।
আদালতের রায়ে পি কে হালদার ছাড়াও আরো ১৩ আসামিকে এই দুই মামলায় মোট সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মূল অভিযুক্ত পি কে হালদার ভারতের একটি কারাগারে বন্দী থাকায় তিনি বা তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলম সালাম রায়ের পর সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, “তাকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। তবে যেহেতু কলকাতায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান, আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে আমরা তাকে নিয়ে আসার ব্যবস্থা দ্রুত করতে পারবো।”
অভিযুক্ত বাকি আসামিদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। এই আসামিদের সবাই বর্তমানে কারাভোগ করছেন। রায়ের সময় তাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। পরে রায় ঘোষণা শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা এই চার আসামি অবশ্য এ বছরের জুলাইয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছিলেন।

