মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে স্কুল সভাপতি

বানারীপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামুন ফরাজী নামে এক ব্যক্তি বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন।

অভিযোগ ওঠা বিএনপি নেতার নাম আব্দুস সবুর খান। তিনি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গত ফেব্রুয়ারিতে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. রফিকুর ইসলাম খানের চিঠিতে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আব্দুস সবুর খানকে সভাপতি, মো. হুমায়ুন কবিরকে অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফিরোজ আহম্মেদকে শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক মো. ফকরুল আলমকে সদস্য সচিব করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী স্কুল কমিটির সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। জীবনবৃত্তান্তে সবুর খান নিজেকে বিএ পাস উল্লেখ করেন। তবে শিক্ষাগত যোগ্যতার সনদের কোনো কপি জমা দেননি।

অভিযোগকারী মামুন ফরাজী বলেন, সবুর খান তাঁর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ পাস উল্লেখ করেছেন। কিন্তু তিনি বিএ পাস নন। দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর বিএ পাসের তথ্য যাচাইয়ে বোর্ড নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করেছেন। প্রায় এক মাস পরও বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তব্য জানতে সবুর খানের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া দেননি তিনি। বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মো. ফকরুল আলম বলেন, অ্যাডহক কমিটি গঠনের জন্য গত ফেব্রুয়ারিতে স্থানীয় বিএনপি নেতারা সভাপতি পদে সবুর খানের নাম প্রস্তাব করেন। তাঁকে এক নম্বরে রেখে তিন প্রার্থীর তালিকা ইউএনও অফিসে জমা দেওয়া হয়। তালিকার সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত দেওয়া হয়েছে। সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে সব প্রার্থীর যাবতীয় তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগ হয়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ