
এবার সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে ওবায়দুল কাদের, তোফায়েল-আমুসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের শাসনামলের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি জমা হয় দুদক। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।
এজহারে বলা হয়েছে, ২০১৬ সালে পূর্বের টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র ১১২ কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০৯ কোটি টাকা।
মামলায় শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

