
১৪ কোটি আত্মসাৎ:
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
এসিএম নিউজ, ঢাকা
১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ গত বুধবার (৪ মার্চ) মামলাটি করেন কমিশনের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান প্রকৌশলী ও চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মো. কামাল হোসেন হাওলাদার।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সিভিল ইলেকট্রো-মেকানিক কাজের নামে কোনো কাজ বাস্তবায়ন না করেই ভুয়া কার্যাদেশ, অগ্রিম বিল আবেদনপত্র ও বিল ভাউচার প্রস্তুত করেন। এসব কাগজপত্রের ভিত্তিতে ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকার মোট ১৬টি চেক ইস্যু করা হয়।
দুদকের অভিযোগ, ইস্যুকৃত চেকের একটি অংশ নগদে উত্তোলন এবং অপর অংশ বিভিন্ন হিসাবে স্থানান্তর করে পূর্বে জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণ সমন্বয় করা হয়। এর মাধ্যমে তাঁরা অর্থ আত্মসাৎ করেন।

