
Iনিউজ ডেস্ক
দুর্নীতিতে অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হলেন লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
উন্নয়নকাজ না করেই ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাকে চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের DPP, RDPP কিংবা HOPE-এর অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওই ৮টি প্যাকেজের বিপরীতে প্রদত্ত বিলের ক্ষেত্রে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। ওই কাজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়াও অন্যান্য ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এর ফলে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী লালমনিরহাট গণপূর্ত বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
লালমনিরহাট গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশল (সিভিল) বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে সাময়িক বরখাস্তকৃত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান বরখাস্ত হওয়ার আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন।

