
ভারতের সরকারি ব্যাংক থেকে ১৩ হাজার কোটিরও বেশি টাকা প্রতারণা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হীরে ব্যবসায়ী মেহুল চোকসি বেলজিয়ামে ধরা পড়েছেন। এখন ভারত চেষ্টা করছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে।
মি. চোকসি ও তার ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ যে তারা রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩৫০০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করেই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের অনুরোধের পরে বেলজিয়ামের পুলিশ গত শনিবার মি. চোকসিকে আটক করেছে।
সেখান থেকে তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিচ্ছে সিবিআই।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই বড়সড় আর্থিক প্রতারণার ঘটনাটি ২০১৮ সালে প্রকাশ্যে এসেছিল।
এই তছরুপে নীরব মোদী, তার স্ত্রী এমি, ভাই নিশাল এবং তার মামা মেহুল চোকসি প্রধান অভিযুক্ত।
ব্যাংকের তরফে অভিযোগ ছিল যে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্র করে তাদের এত বড় ক্ষতি করেছেন এরা।
এই প্রতারণাকে ভারতের সবথেকে বড় অঙ্কের ব্যাংক দুর্নীতি বলে মনে করা হয়।

