শুক্রবার, জুন ২৬, ২০২৬

অতিরিক্ত ব্যয় ও অনিয়মের অভিযোগে জাবেদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নির্বাচনি প্রচারে প্রতিটি প্রার্থীকে ২৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করার অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিধি ভঙ্গ করে ১ কোটি টাকার বেশি বা নির্ধারিত ব্যয়ের চারগুন অতিরিক্ত ব্যয় করেন সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সম্প্রতি নির্বাচন ও মেয়ের বিয়েতে আকাশচুম্বি ব্যয়, ব্যবসায়ীদের কাছ ঝণ নিয়ে আত্মসাৎসহ নানা অভিযোগে জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার পট পরিবর্তনের পর জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্মসাৎ, পাচার, ঘুস নেওয়া, ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুদক। তার দেশে-বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেছেন, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধান কর্মকর্তা আইন ও বিধি অনুযায়ী কাজ করছেন।

সাইফুজ্জামান চৌধুরী ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা থানায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান চৌধুরী ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা। বাবার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন সাইফুজ্জামান। সাবেক এই মন্ত্রী ইউসিবিএলের নির্বাহী কমিটি এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে, ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাবেদ। নির্বাচনে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। জাবেদ ছাড়াও আরও ৬ প্রার্থী ওই ভোটে অংশ নিয়েছিলেন। এর আগে একাদশ ও দশম সংসদ নির্বাচনেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইফুজ্জামান ২৫ লাখ ৬৪ হাজার টাকা খরচ করেছেন। জাগো নিউজের হাতে আসা তথ্য-উপাত্ত বলছে, ২০২৩ সালের ১০ ডিসেম্বর থেকে নির্বাচনি ব্যয় শুরু করেন সাইফুজ্জামান।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ