
চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটিতে আসামি করা হয়েছে তার স্ত্রী শিল্পী রানী সরকারকেও। এক মামলায় শিল্পী রানী সরকারের বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং অপর মামলায় উত্তম কুমারের বিরুদ্ধে প্রায় ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ উত্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিল্পী রানী সরকার তার স্বামী উত্তম কুমারের অসাধু উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে ৭৯ লাখ ৫০ হাজার ৫৫৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৮৪ টাকার সম্পদের ঘোষণা দেন।

