
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় তাদের বিভিন্ন আর্থিক লেনদেন, জাতীয় পরিচয়পত্র ও একাধিক নথিপত্র চেয়েছে দুদক।
গত ১৬ নভেম্বর এক চিঠিতে এসব তথ্য চায় দুদক। এর আগে ৯ অক্টোবর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বুধবার (১৯ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম নথি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া শওকত আলী চৌধুরী এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যক্তিগত নামে বা তাদের মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ঋণ সুবিধা গ্রহণ করা হয়ে থাকলে সেক্ষেত্রে ঋণের আবেদন, শাখার প্রস্তাব এবং অনুমোদন সংক্রান্ত সকল রেকর্ডপত্র ও ঋণ হিসাব বিবরণী চেয়েছে দুদক। আগামী সাত কর্মদিবসের মধ্যে পদক্ষেপ নিতেও বলা হয়েছে চিঠিতে।
দুদকের চিঠিতে বলা হয়, ইস্টার্ন ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে আট হাজার কোটি টাকা লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

