মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

সাবেক মন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার সুপারিশ

কোভিড মহামারির সময়ে নিম্নমানের মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম ও বিভিন্ন সেবা ক্রয়–সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের সম্পৃক্ততা ধরা পড়েছে।

দুদক সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযোগগুলো অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হবে।

আরও জানা যায়, প্যাকেজ জিডি-১৩-এর আওতায় ফাইভ ও থ্রি ফাংশন ইলেকট্রিক হাসপাতাল বেড ক্রয়ের ক্ষেত্রে ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।

জিডি-০৮-এর আওতায় হ্যান্ডহেল্ড থার্মোমিটার ও কেএন-৯৫ মাস্কসহ চিকিৎসা ও সার্জিক্যাল সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের মাধ্যমে আত্মসাৎ প্রমাণ পাওয়া গেছে। একই প্রকল্পের প্যাকেজ জিডি-০৫-এ করোনা পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেএন-৯৫ মাস্ক ক্রয়ের ক্ষেত্রে ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা আত্মসাতের তথ্য পেয়েছে দুদক।

এছাড়া প্যাকেজ এসডি-০১-এর আওতায় ‘করোনা বিডি’ মোবাইল অ্যাপ ও ‘ন্যাশনাল করোনা কেয়ার সিস্টেম’ কেন্দ্রীয় ওয়েব অ্যাপ্লিকেশন ক্রয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। এ খাতে ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের মাধ্যমে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।

দুদক বলছে, পৃথক ছয়টি অভিযোগে অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সেগুলো কমিশনে প্রতিবেদন আকারে জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদনের পর অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হবে।

সুপারিশ করা মামলার অভিযুক্তরা হলেন– সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মলেক, কোভিড-১৯ আরপিপি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. তাহমিনা জোহরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. মো. শরিফুল হাসান, সাবেক ডিপিএম (সমন্বয়) ডা. মো. আনোয়ার সাদাত, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মেডিকেল অফিসার (প্ল্যানিং) ডা. অনির্বাণ সরকার, জাদিদ অটোমোবাইলসের মালিক কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের মালিক মো. হোসনী ইয়ামিন, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেডের মালিক রইসুল কবির, মেসার্স ইনসা ট্রেড করপোরেশনের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ম্যানেজিং পার্টনার মো. মোস্তফা মনোয়ার এবং এসআরএস ডিজাইনের মালিক মো. সাইফুর রহমান।
@jagonews24

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ