
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির চারটি মামলায় হাসিনাকে কারাদণ্ড দেওয়া হলো। তিনি বর্তমানে ভারতে রয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম শেখ হাসিনাকে পাঁচ বছরের, রেহানাকে সাত বছরের ও টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন।
এই মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার এবং সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, সামসুদ্দীন আহমদ চৌধুরী ও নুরুল ইসলাম, সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফ ও সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। তাদের সবাইকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় দেওয়ার সময় আসামিদের মধ্যে কেবল খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন। মামলার রেকর্ড অনুসারে, বিচার চলাকালীন মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

