মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
২৩ আগস্ট রাতে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন সোমবার (২৪ আগস্ট) জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওয়াসিম। তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার পর গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা জানতে পেরেছেন বলেও জানান তিনি।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com