শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার মাত্র ১৮ দিনের মধ্যে আবারও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পুনর্বহাল করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শাহজাহান আলীকে ওএসডি করা হয়। একই আদেশে চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে ঢাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে ওই আদেশের ১৮ দিনের মাথায় গত বুধবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখা থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে শাহজাহান আলীকে পুনরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বহাল করা হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।
দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকাণ্ডে শাহজাহান আলীর প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে কী কারণে তাকে ওএসডি করার ১৮ দিনের মধ্যেই আবারও একই দপ্তরের প্রধান কার্যালয়ে ফিরিয়ে আনা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে শাহজাহান আলীর বিরুদ্ধে অভিযোগের মধ্যে আলোচনায় রয়েছে হাওর অঞ্চলের শিক্ষার অবকাঠামো উন্নয়নে নেওয়া একটি প্রকল্প। হাওর এলাকার শিক্ষার পরিবেশ বদলে দেওয়ার লক্ষ্যে প্রায় ৪৩০ কোটি টাকা ব্যয়ে ২৫টি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়। প্রকল্পটির পরিচালক ছিলেন মো. শাহজাহান আলী।
তবে ভবনগুলো উদ্বোধনের আগেই বিভিন্ন স্থানে নির্মাণ ত্রুটির অভিযোগ সামনে আসে। কোথাও নতুন ভবনের দেয়ালে ফাটল, কোথাও গাঁথুনিতে চিড়, কোথাও জানালার লিন্টেল বাঁকা এবং কোথাও ছাদ নির্মাণে ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি তদন্তে সম্প্রতি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থাতেই শাহজাহান আলীকে আবারও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।
এ অবস্থায় তদন্তাধীন প্রকল্পের পরিচালককে একই দপ্তরে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, তদন্তের স্বার্থে বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি ওএসডি করার পর অল্প সময়ের মধ্যে পুনরায় বহালের সিদ্ধান্তের কারণও স্পষ্ট করা উচিত।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com