মাদারীপুরের ডাসার উপজেলায় নির্মাণাধীন ‘বেগম রোকেয়া অডিটোরিয়াম’-এর কাজ শুরু হওয়ার এক যুগ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং এলাকাবাসীর অভিযোগ, এটি বর্তমানে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা পরিষদের অধীনে ২০১১-১২ অর্থবছরে ডাসার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ‘বেগম রোকেয়া অডিটোরিয়াম’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। সার্বিক ইন্টারন্যাশনাল ও মেসার্স রফিক কন্সট্রাকশন যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজের দায়িত্ব পায়। সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, সভা এবং সেমিনার আয়োজনের উদ্দেশ্যে নির্মিত দুইতলা ভবনটিতে একসঙ্গে প্রায় ৭০০ মানুষের বসার ব্যবস্থা রাখা হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অডিটোরিয়ামটির নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। প্রায় ৭ কোটি ১ লাখ টাকার চুক্তির বিপরীতে এডিপির বিশেষ বরাদ্দ থেকে ৫ কোটি ৪৩ লাখ টাকা ছাড় করা হয়। তবে নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার আগেই কাজ বন্ধ হয়ে যায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে অগ্রগতি দেখালে বরাদ্দের পুরো অর্থ পরিশোধ করা হয়। এছাড়া ২০১৯ সালের ২৮ নভেম্বর জেলা পরিষদ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের অর্থও ফেরত দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা তাহসান হোসেন বলেন, ডাসার উপজেলার জন্য গুরুত্বপূর্ণ এই অডিটোরিয়ামটি ১২ বছরেও চালু হয়নি। এটি চালু হলে বড় পরিসরের সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক অনুষ্ঠান স্থানীয়ভাবে আয়োজন করা সম্ভব হতো। তিনি দ্রুত নির্মাণকাজ শেষ করে অডিটোরিয়ামটি চালুর দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। এতে আশপাশের এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ডাসার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, ভবনটি চালুর বিষয়ে বিভিন্ন সভায় আলোচনা হয়েছে এবং একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বর্তমানে প্রকল্পটির জন্য কোনো বরাদ্দ নেই। নতুন করে অর্থ বরাদ্দ পাওয়া গেলে অবশিষ্ট কাজ শুরু করা হবে। তিনি জানান, জেলা পরিষদের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে নির্মাণকাজ সম্পন্ন করে অডিটোরিয়ামটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com