চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত অবস্থায় গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ, অর্থাৎ ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানাও করা হয়েছে।
তিনি আরও জানান, জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে অতিরিক্ত আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় এহসানুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদি আমানতের অর্থ গ্রহণ করে পাসবইয়ে জমার এন্ট্রি দেন। তবে ওই অর্থ অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।
তদন্তে দেখা যায়, শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com