
হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
জানা গেছে, গত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর উপজেলার রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে চেয়ারম্যান আশিকুর রহমানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তার কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থি হওয়ায় আইনটির ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারার আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পৃথক এক চিঠিতে চেয়ারম্যান আশিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার অধীনে কেন তাকে চেয়ারম্যান পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশের জবাব জেলা প্রশাসক, রাজবাড়ীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগ পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com