
স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে কমিটিকে অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১২ মে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এজন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে কমিটি।
কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ, সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম, পাস-৩ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. আকতারুন নেছা, প্রশাসন-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব তাহমিনা আক্তার এবং উন্নয়ন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলামকে।
এ ছাড়া পরিকল্পনা-১ অধিশাখার যুগ্ম সচিব মো. সামছুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা দেশে উন্নয়নকাজ, অবকাঠামো নির্মাণ, নাগরিকসেবা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। দীর্ঘ সময়ের এসব কার্যক্রমে কোথাও অর্থ অপচয়, অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
যে সময়কাল তদন্তের আওতায় আনা হয়েছে, ওই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। একই সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালও তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “উন্নয়নের নামে কোথাও লুটপাট হয়ে থাকলে তা চাপা থাকবে না। স্থানীয় সরকার বিভাগের প্রতিটি টাকা জনগণের টাকা, সেই টাকার হিসাব নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “কাগজে-কলমে উন্নয়ন দেখিয়ে বাস্তবে জনগণের অর্থ অপচয় বা আত্মসাৎ করা হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অনুসন্ধান কাউকে হয়রানি করার জন্য নয়, বরং স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য।”
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com