
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক কমিশনার মোহাম্মদ এনামুল হকের মালিকানাধীন ঢাকার একটি ৯ তলা ভবন, ছয়টি ফ্ল্যাট এবং ৭১ শতাংশ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকার গুলশানে তিন কাঠা জমির ওপর নির্মিত ৯ তলা ভবন, মোহাম্মদপুরে চারটি ফ্ল্যাট, গুলশানে একটি ফ্ল্যাট, বাড্ডায় একটি ফ্ল্যাট এবং ঢাকা ও গাজীপুরে মোট ৭১ শতাংশ জমি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক ফারজানা ইয়াসমিন আদালতে জব্দের আবেদন করেন। শুনানিতে দুদকের আইনজীবী প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল আবেদনটি উপস্থাপন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের দাবি, তদন্ত চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, আসামি তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এতে ভবিষ্যতে আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার কার্যক্রম এবং অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সম্পত্তিগুলো জব্দ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৩ সালের ৩১ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com