ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। কিন্তু অনুমতি দেননি আদালত। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুইজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
গত ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। এ বিষয়ে শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও মো. বোরহান উদ্দিনসহ আরও কয়েকজন আইনজীবী। তারা আদালতের কাছে চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের কথা তুলে ধরে বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আবেদনটি নামঞ্জুর করা হয়।
উল্লেখ্য, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com