
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সালেহ কার্পেট নামে বন্ধ একটি কার্পেট কারখানার গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে র্যাব–৭। অভিযানকালে মোট ১১ হাজার ৫৭৫ বস্তা চাল উদ্ধার করা হয়, যার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। সে হিসেবে জব্দকৃত চালের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৭৮ টন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার বিকেল আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রাজীব কুমার দে এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আব্দুল আজিজ নামের একজনকে আটক করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, গুদামের ভেতরে সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত বস্তা এবং বিভিন্ন ব্র্যান্ডের চালের বস্তা মজুত করা ছিল। এসব চাল বাজারের প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় পুনরায় প্যাকেটজাত করার প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাবের দাবি, আটক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাদ্য মন্ত্রণালয়ের চাল বিভিন্ন মোড়কে পুনরায় প্যাকেজিং করে বাজারজাত করে আসছিলেন। তবে তিনি গুদামজাতকরণের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রাজীব কুমার দে বলেন, গুদামে খাদ্য সংরক্ষণের কোনো লাইসেন্স ছিল না এবং বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল পাওয়া গেছে, যা থেকে ধারণা করা যায় এগুলো সরকারি গুদাম থেকে বের হয়েছে। তবে কীভাবে এসব চাল এখানে এলো, তা তদন্ত করে দেখা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গুদামে খাদ্য অধিদপ্তরের মোড়কে ১ হাজার ১৭২ বস্তা চালসহ মোট ৫২০ টনের বেশি চাল পাওয়া গেছে, যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি। গুদামটি সিলগালা করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কি না এবং চালগুলো কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com