
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
সোহানুর রহমান প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
১২ মে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৫ সালের ৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার এবং ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহানুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় সোহানুর রহমানকে ২০ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com