
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় চোরাকারবারি আটকের ঘটনায় মামলায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে দর কষাকষির অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এসআই আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। এছাড়া কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকেও বদলি করা হয়েছে।
৭ মে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত এসআই আবু হানিফাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং ওসি সিদ্দিক হোসেনকে পেমই তদন্ত কেন্দ্রে (ফাঁড়ি) বদলি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ১৮ বস্তা ডাভ শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। এ সময় শিংপুর গ্রামের নাসিম মিয়া (২৫) ও তার সহকারী মুনির মিয়া (২১)কে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরই মধ্যে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও কল ছড়িয়ে পড়ে। অডিওগুলোতে কলমাকান্দা থানার এসআই আবু হানিফা ও মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কথোপকথন শোনা যায়। প্রথম অডিওতে মামলায় নাম না দেয়ার বিনিময়ে অর্থ লেনদেনের বিষয়ে আলোচনা করতে শোনা যায়। অপর অডিওতে টাকার পরিমাণ নিয়ে দর কষাকষির কথাও উঠে আসে।
অডিও ফাঁসের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, অডিওটি নজরে আসার পরপরই অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com