বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মকবুল হত্যা মামলায় আবার ৪ দিনের রিমান্ডে লে. কর্নেল (চাকরিচ্যুত) আফজাল নাছের

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও লে. কর্ণেল (চাকুরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি করবি মকবুল হত্যা মামলায় আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

এই মামলায় ৩ দিনের রিমান্ডে শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই তোফাজ্জল হোসেন আবার ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ এপ্রিল এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর চালান তারা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুনরায় রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিকে রিমান্ডে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে মামলার মূল রহস্য এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাকে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তিন দিনে রিমান্ডে নেওয়া হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ