
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৮ মার্চ তাকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার চিতশী থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ। তাঁকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসেবে যোগদান করেন দিদারুল ইসলাম হাওলাদার। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তাঁর সম্পদের হিসাব জমা দিলেও পরে ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন তিনি। সম্পদ বিবরণীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগদখল করছেন বলে জানান। তবে দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়। তথ্য বিবরণীতে দিদারুল ইসলাম হাওলাদার জ্ঞাত আয়বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কার্যালয়ে একটি মামলা করেন।

