
অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
এসিএম নিউজ, ঢাকা
অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
অনলাইনে বিমানের টিকেট বিক্রি ও বুকিংয়ের টাকা অগ্রিম গ্রহণ করে গ্রাহকদের টিকেট না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চাওয়া হয়। এসব হিসাবে ৪ কোটি ১০ লাখ ৯৪৬ টাকা রয়েছে বলে সিআইডির আবেদনে বলা হয়।
সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. জহির রায়হান এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লি. (ফ্ল্যাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট বিক্রয় ও বুকিং এর অর্থ এই ব্যাংক হিসাব গুলোতে অগ্রিম গ্রহণ করে গ্রাহকদের টিকেট প্রদান না করে সেই অর্থ প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে গত বছরের ২ আগস্ট এফইবিডি লি: (ফ্ল্যাইট এক্সপার্ট) এর চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম অফিস বন্ধ করে কানাডা পালিয়ে যান।
হিসাবগুলো পর্যালোচনায় দেখা যায় বিভিন্ন গ্রাহক এবং সাব এজেন্সী বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা জমা প্রদান করেছেন। এটা প্রতারণা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর বিধান মোতাবেক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অন্যথায় হিসাবগুলোতে স্থিতি অর্থ অন্যত্র হস্তান্তর/বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে।

