সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এসিএম নিউজ, ঢাকা
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সানজিদা খানমের এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে এ নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব বিষয় নিশ্চিত করেন।
সানজিদা খানম:
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।
নজরুল ইসলাম খান:
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে উদ্দীপন এনজিওতে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ, বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com